জামালপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, ৪ লাখ টাকা অর্থদণ্ড

জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আসলাম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মণ্ডলপাড়া এলাকার হায়দর আলীর ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজরুল হক জানান, আসলাম হোসেন বিভিন্ন সময় ভুক্তভোগী নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পরে মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তার বাবা-মা তাকে বিয়ে দেন।
ভুক্তভোগী নারী স্বামীর সংসারে থাকা অবস্থায় আসামি তার স্বামীর কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সংসারে অশান্তি সৃষ্টি করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে ২০২৩ সালের ১০ জুলাই ওই নারীর সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়।
এরপর থেকে ওই নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২০ জুলাই রাত ৩টার দিকে আসলাম হোসেন ওই নারীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার দুই দিন পর, ২২ জুলাই ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য নথি পর্যালোচনা করে আদালত আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।
ভোরের আকাশ/সু.পা