খুলনায় জামায়াত নেতার ঘরের দরজায় মুড়ির প্যাকেট, ঘরে নিতেই বিস্ফোরণ

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের কলের পুকুর গ্রামে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর রাতে জামায়াত নেতার ঘরে বোমা বিষ্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায, উপজেলার সেনহাটী কলের পুকুরের পশ্চিম পাশে মঙ্গলবার ভোরে সেনহাটী ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের ব্যাগে মুড়ি দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়, মুড়ির প্যাকেট রাখতেই বিস্ফোরণ ঘটে আসবাবপত্রে আগুন ধরে যায়। এতে জামায়াত নেতা মনিরের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বিকট শব্দে বর্তমানে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী ও প্রবীর কুমার বিশ্বাস (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়। তিনি জানান, তদন্ত না করে কিছুই বলতে পারব না।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা এর আগেও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বারবার এমন বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটিয়েছে। এ বিষয়ে সুধীজন ও সমাজ সংস্কারক সৈয়দ রাশেদুজ্জামান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বারবার এমন ঘটনা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে ঘটছে।
তিনি আক্ষেপ করে আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এলাকায় আনাগোনা দেখা যাচ্ছে। গোপনে সংগঠন পরিচালিত করে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে সচেতন মহল মনে করে, এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
ভোরের আকাশ/সু.পা