১১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরির সময় শর্ট সার্কিটে আন্ডার গ্রাউন্ড লাইনে অগ্নিকাণ্ড

গাজীপুরে বৈদ্যুতিক লাইন থেকে তার চুরির সময় শর্টসার্কিটে কড্ডা গ্রিডের পাশে মাটির নিচ থেকে খুঁটি পর্যন্ত ক্যাবলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ক্যাবল পুড়ে ঘটনাস্থল থেকে মহানগরীর পুরো কোনাবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। প্রায় ১১ ঘন্টা পর শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিকল্প পথে বিদ্যুৎ চালু করা হয়।
কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের কড্ডা গ্রিড উপকেন্দ্রের অদূরে ব্রীজের পাশে মাটির নিচ থেকে খুঁটিতে উঠে আসা ক্যাবলের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, আগুনে গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। তিনি জানান, পুরো ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে দীর্ঘ সময় লাগবে। গ্রাহকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট টিম নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ জসিম জানান, হয়তো চোরের দল বিদ্যুতের তার চুরি করতে গিয়ে লাইন কাটার সময় শর্ট হয়ে গেছে। পরে স্পার্কিং হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
ভোরের আকাশ/ র.ই