জাতীয়করণের প্রত্যাশায় মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণের প্রক্রিয়ায় সম্ভাব্যতা যাচাই কার্যক্রম আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ কার্যক্রমের খবরে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জাতীয়করণের প্রত্যাশায় থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সম্ভাব্যতা যাচাই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের আরও উন্নতি এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ সুগম হবে।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দীর্ঘদিন ধরে মান্দা উপজেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।
মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোও রয়েছে। জাতীয়করণ হলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. লতিফ বলেন, মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের লেখাপড়ার মান সন্তোষজনক। প্রতিষ্ঠানটির ফলাফলও প্রতিবছর ভালো হয়ে থাকে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার মান সন্তোষজনক এবং ফলাফলও ভালো। জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ১ অক্টোবর সম্ভাব্যতা যাচাই কার্যক্রমকে সামনে রেখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণের চূড়ান্ত অনুমোদন পাবে—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের।
ভোরের আকাশ/সু.পা