কুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে এক জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে আগুন দেওয়ার পর পরই বাড়ির লোকজন ঘটনাটি বুঝতে পারায় ক্ষতি থেকে রক্ষা পায় অন্যান্য ঘর বাড়ি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুজন অজ্ঞাত ব্যক্তি জামায়াত নেতার বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন দেয়। আগুন দেওয়ার পরই বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারায় অজ্ঞাত ওই ব্যক্তিরা পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আগুন নেভান।
এবিষয়ে জামায়ত নেতা জাহিদ হাসান বলেন, বিকেলে হঠাৎ দুজন লোক বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্না ঘরের লাকড়ির ভিতরে আগুন দেয়। তবে বেড়ার ফাঁকা দিয়ে দুজনের পা দেখতে পারলেও চেহারা দেখা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে ভয় দেখাতে এই অগ্নিসংযোগ করা হতে পারে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আগুন দেওয়ার ঘটনা ফোনে জানতে পারি। মোবাইল টিম পাঠিয়েছিলাম তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তেমন কোন ক্ষতি হয়নি। বাড়ির লোকজনই আগুন নিভিয়ে ফেলে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পায়নি।
ভোরের আকাশ/ আ.র