সাজেকে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম প্রাথমিকভাবে রুবিনা আফসানা রিংকি বলে জানা গেছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের ছাত্রী। আহতরাও একই ব্যাচের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পর্যটকবাহী জিপগাড়ি সিজকছড়া এলাকায় পৌঁছলে রাস্তার ঢালুতে গাড়ির ব্রেক ফেল করে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন ১১ জন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সেনাবাহিনী কর্তৃক তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন ঘটনাটি নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।’
ভোরের আকাশ/মো.আ.