ফতুল্লায় লুট হওয়া শটগান ও কার্তুজ উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লা হতে জুলাই গণঅভ্যুত্থানে দুর্বৃত্তদের দ্বারা থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৯ মে দিবাগত রাত ১০টার দিকে ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার সন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ পলাশ হোসেন আকাশ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনা পর্যালোচনায় জানা যায়, র্যাব-১১ এর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফতুল্লা থানাধীন সন্তপুর এলাকায় অবৈধ অস্ত্র গোপনে সংরক্ষণ করা হয়েছে।
পরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে লুট হওয়া অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
আটক পলাশ হোসেন আকাশ পশ্চিম নামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে বলে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওণক এরফান খান বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে র্যাব সর্বদা তৎপর রয়েছে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/ র.ই