পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৮ অক্টোবর) সকালে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
এ সময় জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তাঁরা।
কর্মসূচিতে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সাত দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
ভোরের আকাশ/জেআ