নবান্নকে ঘিরে মহাস্থানে ঐতিহ্যবাহী মাছের মেলা

নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান হাটে বসেছে ঐতিহ্যবাহী এক দিনের মাছের মেলা। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে প্রতিবছরের ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকেই মহাস্থান বাজারে শুরু হয় এই মেলা। নানা প্রজাতির ছোট-বড় মাছের সমারোহে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মাছ ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। মেলায় শুধু মাছ কেনাবেচাই নয়, দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা গেছে। শিবগঞ্জ ও বগুড়ার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষ মেলায় অংশ নিয়েছেন। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের সাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন।
মেলায় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, বিগহেড, ব্ল্যাক কার্প,বোয়াল ও চিতলসহ দেশীয় ও চাষের বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। ব্যবসায়ীদের আনা বড় মাছগুলোর ওজন ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত। আকার ও প্রজাতিভেদে প্রতি কেজি মাছ ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মেলায় মাছ কিনতে আসা মহাস্থানের বাসিন্দা সাগর মিয়া বলেন, ‘নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারেই এক ধরনের মিলনমেলার পরিবেশ তৈরি হয়। উৎসবের আনন্দ বাড়াতে সবাই সাধ্যমতো বড় মাছ কেনার চেষ্টা করেন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা অমিত হাসান জানান, গতবারের তুলনায় এবার মেলায় মাছের আমদানি অনেক বেশি। তবে চাহিদার কারণে দাম কিছুটা চড়া বলে মনে করছেন তিনি।
মহাস্থান মাছবাজারের ইজারাদার শহিদুল ইসলাম বলেন, ‘শুধু বগুড়া নয়, দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এই মেলায় মাছ নিয়ে আসেন। এবার বাজারদর স্বাভাবিক থাকায় সব শ্রেণির মানুষই মাছ কেনার সুযোগ পাচ্ছেন। দিন শেষে মেলায় ৮৯ লাখ থেকে ১ কোটি টাকার মাছ বিক্রি হবে বলে আশা করছি।
শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু বলেন, ‘নানা প্রজাতির মাছের এই সমাগম ক্রেতাদের পাশাপাশি স্থানীয় মাছচাষিদেরও উৎসাহিত করে। মেলায় কোনো ধরনের অনিরাপদ বা বিষাক্ত মাছ বিক্রি ঠেকাতে মৎস্য বিভাগের কঠোর নজরদারি রয়েছে। দিন শেষে লেনদেন ১ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী মেলার পরিধি আরও বাড়বে বলে আমরা আশাবাদী।
ভোরের আকাশ/সু.পা