বরগুনার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে চিফ হুইপের গুরুত্ব

বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি।
একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধিতে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা বরগুনা-২ আসনে সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন পাথরঘাটায় মা-বাবার কবর জিয়ারত শেষে মনিপুর মসজিদের সামনে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন চিফ হুইপ। এ সময় তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করছে। দীর্ঘদিনের অবহেলিত জনপদের উন্নয়নে সড়ক-সেতু নির্মাণ, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
চিফ হুইপ বলেন, বরগুনার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে পায়রা, বিষখালী ও বেতাগী সেতুর নির্মাণকাজ এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। এসব সেতুর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে।
বরগুনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ অঞ্চলের মৎস্যসম্পদ, পর্যটন, শিল্প ও বন্দরকেন্দ্রিক সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে টিআর ও কাবিখা কর্মসূচির বরাদ্দ যথাযথভাবে ব্যবহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বরগুনাকে একটি সমৃদ্ধ, স্বাবলম্বী ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।
অন্যদিকে, একই দিন বরগুনার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি। এ সময় তিনি পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকেও অগ্রাধিকার দিতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিভাবান ক্রীড়াবিদেরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে পারবেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
টুর্নামেন্টের মেগা ফাইনালে ডৌয়াতলা ক্লাব ও পিরোজপুর ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে টাইব্রেকারে ডৌয়াতলা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিরোজপুর ক্লাব।
স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং এলাকায় ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/সু.পা