কুষ্টিয়ায় ভোট পুন:গণনার দাবিতে বিএনপি’র বিক্ষোভ

কুষ্টিয়া-৪ আসনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে বিএনপি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী - খোকসা) উপজেলার কয়েক হাজার নেতাকর্মী কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জড়ো হয়ে জামায়াত কর্মীদের মব, ভুল ফলাফল প্রকাশ, জোরপূর্বক এজেন্ট থেকে গণনার পূর্বে স্বাক্ষর গ্রহণ ও গণনায় কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করার অভিযোগ তোলেন এবং কুষ্টিয়া ৪ আসনের ফলাফল স্থগিত করে ভোট পুন:গণনার দাবী করেন।
তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুন:গণনার দাবিতে লিখিত অভিযোগ জমা দেন বিএনপি'র প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলী, কুমারখালী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চুসহ কুমারখালী, খোকসা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরারা।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ, কুষ্টিয়া ৪ আসনে ৭ হাজার ৬শ ৩০ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মো. আফজাল হোসেন। তিনি ১ লক্ষ ৪৬ হাজার ২শ ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি'র সৈয়দ মেহেদী আহমেদ রুমী পান ১ লক্ষ ৩৮ হাজার ৫শ ৭৪ ভোট। কুষ্টিয়া ৪ আসেন মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ৪শ ১৬ ভোট। মোট ভোট কেন্দ্র ১৫২টি।
ভোরের আকাশ/ র.ই