গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৮

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযোন চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার বেদগ্রাম খেয়ঘাট এলাকায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার ৭ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
ভোরের আকাশ/আ.র