রাজবাড়ীতে গাজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (২ মে) রাত সাড়ে ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়ালন্দের বরকত সরদার পাড়া এলাকায় দৌলতদিয়া-রাজবাড়ী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক করা হয় তিনজনকে। তারা হলেন রাঙ্গামাটির নানিয়ারচর থানার ইসলামপুর এলাকার মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লার চান্দিনা থানার অলিপুর এলাকার মো. লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় “জিরো টলারেন্স” নীতিতে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই