সখীপুরে দুই শিশুকে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, ছেলের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ঘুমন্ত দুই শিশুকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। এ ঘটনায় সাড়ে তিন বছর বয়সী ছেলে আশরাফুলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৯ বছরের মেয়ে সিরজাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ক্ষোভের জেরে রাতে ঘুমন্ত দুই শিশুকে কেক কাটার ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন আকলিমা আক্তার। এতে দুই শিশু গুরুতর আহত হয়। পরে ওই মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
শিশুদের চিৎকার ও আহত হওয়ার বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত সিরজাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় পরিবারের সদস্যরা আকলিমা আক্তারকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা