কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তারা আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের ভোরের আকাশ কে জানান, সকালে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন বিধান মল্লিক ও তার বাবা। নতুন ব্রিজ এলাকার প্রথম সিঁড়ির কাছে পৌঁছালে একটি বেপরোয়া গতির পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে। তবে দুর্ঘটনার জন্য দায়ী পিকআপচালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে পুলিশের একটি দল কাজ করছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে।
ভোরের আকাশ/ র.ই