সরিষাবাড়ীতে মেধামূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেধামূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার দুটি পৃথক কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫টি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৬৮ জন ক্ষুদে শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় ও বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধানে দেখা যায়, নিজ নিজ স্কুলের নির্ধারিত পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা বেঞ্চে বসে অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে উত্তরপত্রে লিখছে। হলগুলোতে দায়িত্বরত শিক্ষক ও পরিদর্শকরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি ও ফাহিম কিন্ডারগার্টেনের পরিচালক আবু বকর সিদ্দিক বলেন, "কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই এবং শুরু থেকেই প্রতিযোগিতামূলক শিক্ষায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতি বছর এ আয়োজন করি। অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেনের পরিচালক শামীমুর ইসলাম শামীম বলেন, "উপজেলার বিভিন্ন প্রান্তের ৩৫টি প্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে। আমরা চাই প্রতিটি শিশু তার নিজস্ব মেধা বিকাশের সুযোগ পাক। সবার মাঝে প্রতিযোগীতা মূলক শিক্ষার বহিঃপ্রকাশ ঘটুক।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও চিলড্রেন্স হ্যাভেনের পরিচালক বাদল মিয়া, সভাপতি ও ফাহিম কিন্ডারগার্টেনের পরিচালক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেনের পরিচালক শামীমুর ইসলাম শামীম, হল সুপার ও পদক্ষেপ-৮৮ কিন্ডারগার্টেনের পরিচালক শাহাবুদ্দিন আহমেদ এবং অর্থ সচিব ও ক্রিয়েটিভ এডুকেশন কমপ্লেক্সের পরিচালক মজুরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন।
ভোরের আকাশ/আ.র