দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়াবাড়ি না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরের সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো বগুড়ার মাটিতে ভালোভাবেই আছেন এবং বিএনপি তাদের কোনো ক্ষতি চায় না। তিনি বলেন, বিএনপি চায় না তাদের কোনো ক্ষতি হোক কিংবা রাজপথে চলাচল বন্ধ হয়ে যাক। তবে বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে তাদের জায়গা হবে না।
বিগত সময়ের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে রেজাউল করিম বাদশা বলেন, গত ১৭ বছর ধরে তারা ফ্যাসিবাদ, জেল-জুলুম, গুম ও খুনের বিরুদ্ধে লড়াই করেছেন। ভয়ভীতি দেখিয়েও তাদের রাজপথ থেকে সরানো যায়নি এবং তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে উল্লেখ করেন তিনি।
যুবদলের ভূমিকার কথা উল্লেখ করে রেজাউল করিম বাদশা বলেন, যুবদল অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল একাই যথেষ্ট। জনগণকে সঙ্গে নিয়ে তাদের কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
এর আগে রোববার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি।
সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, তাজমিলুর ইসলাম বিচিত্র, এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন ও আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, শফিউল আলম শাফিন ও মহররম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
ভোরের আকাশ/এফএ