চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহরাজ মাহমুদ জুম্মান উপজেলার বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী তাহসির (১৬) এবং অটোরিকশার যাত্রী চর মঘুয়া গ্রামের গৃহবধূ লিলু বেগমসহ মোট চারজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি যাত্রীবাহী অটোরিকশা ফরিদগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশার ৫ আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহরাজ মাহমুদ জুম্মানকে মৃত ঘোষণা করেন। বাকি আহত চারজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৫ জন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত পাওয়া যায় এবং বাকি ৪ জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/রই