ভূমির ভোগান্তি কমাতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

জেলা পর্যায়ে 'ভূমিকথা'র চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ (১৫ নভেম্বর) শনিবার জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয় 'ভূমিকথা' পুস্তিকার উপর জেলা পর্যায়ে চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও সেমিনার। সকাল ১১ টায় লিখিত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে দুপুর ১২ টায় জেলা শিল্পকলায় দলগত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ডকুমেন্টারি প্রদর্শনী, ভূমি বিষয়ক নাটিকা, অনুভূতি প্রকাশ, অতিথিবৃন্দের বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ জনাব ফাতেমা তুল জান্নাত।

'ভূমিকথা' নামক একটি ছোট্ট পুস্তিকা প্রকাশের মাধ্যমে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। জেলার সর্বত্রই যেন এই আলোচনা। পুস্তিকাটি ছোট৷ কিন্তু ভূমি বিষয়ক মৌলিক জ্ঞান ও ভূমি সেবা সম্পর্কিত বহুল তথ্যসমৃদ্ধ, যা সাধারণ নাগরিক, শিক্ষক শিক্ষার্থীসহ সকলের জন্য অতি দরকারি একটি পুস্তিকা।
জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ফাতেমা তুল জান্নাত এ বছর মে মাসে এই পুস্তিকাটি প্রকাশের পরিকল্পনা করেন। পরবর্তীতে এ বছর আগস্ট মাসে বইটি প্রকাশিত হবার পর মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার ৯ম শ্রেণির প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিতরণ করা হয় এবং পুস্তিকাটি পড়ার জন্য শিক্ষার্থীদেরকে কিছুদিন সময় দিয়ে প্রত্যেক উপজেলায় একক ও দলগত কুইজ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী গত ২০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর পৌরসভার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় জেলার প্রতিটি উপজেলায় ধাপে কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর পরিকল্পনার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের বিজয়ী সকল শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে জেলা পর্যায়ে ১৫/১১/২০২৫ তারিখ চূড়ান্ত কুইজ অনুষ্ঠিত ও সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত ছিল। লিখিত কুইজ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী ও দলগত কুইজ প্রতিযোগিতায় ৩টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠাকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
লিখিত কুইজ (একক) প্রতিযোগিতায় ৫০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৪৭ নম্বর পেয়ে ১ম স্থান অর্জন করেন টংগিবাড়ী উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদা খাতুন অর্পা। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। লৌহজং উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তৌছিফ আহমেদ ৪৫ নম্বর পেয়ে ২য় স্থান অর্জন করেন। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়।লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার ৪৪ নম্বর পেয়ে ৩য় স্থান অর্জন করে। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। ৪র্থ থেকে ১০ স্থান অধিকারী প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে প্রাইজবন্ড পুরস্কার হিসেবে দেওয়া হয়।

প্রতিযোগিতায় অত্যন্ত আকর্ষণীয় দলগত কুইজ প্রতিযোগিতায় সমগ্র জেলার মধ্যে ১ম স্থান (চ্যাম্পিয়ন) হওয়ার গৌরব অর্জন করে লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ১৫,০০০ টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। ২য় স্থান (রানার্সআপ) অর্জন করে টংগিবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়। তাদেরকে ১০ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। ৩য় স্থান অর্জন করে সিরাজদিখান উপজেলার মালখানগর হাই স্কুল। তাদেরকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথিহিসেবে তাঁর বক্তব্যে জানান, ভূমির সাথে আমরা সকলেই সম্পর্কে। আমাদের অসংখ্য মানুষ ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত। অধিকাংশ দেওয়ানি ও ফৌজদারি মামলার উৎপত্তি হয় ভূমি থেকে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিসচেতন করা এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ থেকেই মূলত আমরা জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি, পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বস্তরে এরূপ ভূমিসচেতনতামূলক উদ্যোগ বা কার্যক্রম আরও বিস্তৃত আকারে গ্রহণ করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সত্যি বলতে এই বইটি পড়ার আগে ভূমি বিষয়ে আমরা কিছুই জানতাম না। এটি আমাদের পাঠ্যবই না হলেও এর মাধ্যমে আমরা ভূমি সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছি, যা আমাদের ব্যক্তি জীবনে যেমন কাজে লাগবে তেমনি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের কাজে লাগানো সুযোগ থাকবে। আর কেউ ভূমি সম্পর্কিত কোনো পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে তার জন্য এটি অনেক মূল্যবান একটি পুস্তিকা। উপজেলা এবং জেলা পর্যায়ে অত্যন্ত প্রাণবন্ত ও আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করার জন্য তারা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন, মুন্সীগঞ্জকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানান, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ফাতেমা তুল জান্নাতকে যার পরিকল্পনা ও অনুপ্রেরণা এত বড় একটি কাজ সুসম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম যাতে আরও বেশি বেশি হয় সেই প্রত্যাশা তাদের।
ভোরের আকাশ/তা.কা