মাগুরার দুই আসনে ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার ((২১ জানুয়ারি) সকাল ১১টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ দুই আসনের প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এর আগে জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ চূড়ান্ত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, মাগুরা-১ আসনে ৭ জন এবং মাগুরা-২ আসনে ৪ জনসহ মোট ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মাগুরা-১ আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর শম্পা বসু (মই), গণঅধিকার পরিষদের মো. খলিলুর রহমান (ট্রাক), বিএনপির মনোয়ার হোসেন খান (ধানের শীষ), বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল (ডাব), জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা (লাঙ্গল), জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাজিরুল ইসলাম (হাতপাখা)।
মাগুরা-২ আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন: জামায়াতে ইসলামী বাংলাদেশের মো. মুশতারশেদ বিল্লাহ (দাঁড়িপাল্লা), বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামাল (হাতপাখা)
এবং জাতীয় পার্টির মশিউর রহমান (লাঙ্গল)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে চূড়ান্ত প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
ভোরের আকাশ/মো.আ.