শ্রীপুরে ভীমরুলের কামড়ে স্বপন দাসের মৃত্যু

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্রী স্বপন দাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের বাসা ভেঙে গেলে তাকে কামড় দেয়।
গুরুতর আহত স্বপন দাসকে ঢাকার সিনসিন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত স্বপন দাস শ্রীপুর সদরের মৃত নরেন্দ্র দাসের পুত্র। সে শ্রীপুর বাজারে মিষ্টির ব্যবসা করতো।
এ ঘটনায় ভীমরুলের কামড়ে তার স্ত্রী রত্না দাস ও ভাগিনা সজিব দাসসহ আশপাশের অনেকেই আহত হয়। গুরুতর আহত রত্না দাস সিন সিন জাপান হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তার ভাতিজা কৃষ্ণ বাশফোর জানায়, গতকাল সকালে বাড়ির কাজের জন্য ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভীমরুলের বাসা ভেঙে ফেলে। এতে ভীমরুলগুলো তাকে এলোপাতাড়ি কামড় দেয়।
স্বজনরা ভীমরুলের কামড়ে আহত স্বপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার্ড করলে তাকে ঢাকার সিনসিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ভীমরুলের কামড়ে আহত স্বপনকে হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে এলে আশংকাজনক অবস্থায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
ভোরের আকাশ/আ.র