রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ‘ইসলামি মাহাজ’ প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও উগ্রপন্থী দল ‘ইসলামি মাহাজ’-এর প্রধান মো. রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ওয়ারেন্টভুক্ত আসামি মো. রফিককে আটক করা হয়। তিনি বালুখালী ক্যাম্পের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ইসলামি মাহাজ’ দলের প্রধান ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. রফিককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্প এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সাধারণ এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এপিবিএনের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামী মাহাজসহ অন্তত সাতটি সশস্ত্র গোষ্ঠী সীমান্তবর্তী বিভিন্ন রুটে আধিপত্য বিস্তার করেছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, এসব গোষ্ঠীর সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে পাহারা দেওয়া, মালামাল পারাপার নিয়ন্ত্রণ, অর্থ আদায় এবং নিরাপত্তা নিশ্চিত করার নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
ভোরের আকাশ/আ.র