মাদারীপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

মাদারীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আহাদ এবং জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ফিরোজ জামান।
প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাকতি নিক্ষেপ এবং গোলক নিক্ষেপসহ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা মোরগ লড়াই ও পুকুরপাড় প্রতিযোগিতাও আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ আমিন উদ্দিন হাই স্কুল, আছমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ, শামসুননাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কুলপদ্দী উচ্চ বিদ্যালয়, শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় এবং শাহীন স্কুলসহ জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।