নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে কাশবনে আগুন, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ের কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে দুর্বৃত্তরা কাশবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখেন নিরাপত্তাকর্মীরা। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা কাশবনে আগুন দিয়েছে, তা তাঁরা দেখতে পাননি। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ লেকের পাড়ের এই কাশবন। প্রতিদিনই সেখানে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় জমে। কাশবনে আগুন দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, ‘অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসের কাশবনে আসেন। বিষয়টি দেখে যাদের ভালো লাগেনি, তারাই হয়তো এ কাজ করেছে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা