৩ কোটি ৪৫ লাখ টাকার কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১১৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে রংপুর র্যাব-১৩। এ সময় মূর্তিটি চোরাচালানের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-২ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান চালিয়ে মো. হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘরে তল্লাশি করে কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদ (২৬) ও নন্দগাঁও (মুন্সিপাড়া) এলাকার মো. নাজমুল (৬৪)কে আটক করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন পরস্পরের যোগসাজশে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
উদ্ধার হওয়া মূর্তি, জব্দ করা আলামত এবং আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ভোরের আকাশ/এম