সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হাসান গাজী (৪০) মৃত্যুবরণ করেন। এর কয়েক ঘণ্টা পর দুপুরে মারা যায় তার চার বছর বয়সী মেয়ে জান্নাত।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, চার বছর বয়সী জান্নাতের শ্বাসনালী দগ্ধ হয়েছিল এবং শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ওই শিশুর নানি তাহেরা আক্তার (৫৫) মারা যান। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মারা যান শিশুটির বাবা হাসান গাজী (৪০)।
চিকিৎসকরা জানান, হাসান গাজীর স্ত্রী সালমা (৩৫) ও শ্যালিকা আসমা (৩২) এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তাদের শরীরেরও ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনসেড বাড়ির একটি ভাড়াটিয়া কক্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন নয়জন। হঠাৎ বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ভোরের আকাশ/এসএইচ