গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে অবলম্বন ও আমরাই পারি। প্রকল্পটিতে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ ও তাদের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ দিবস সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যগত জ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশগত টেকসই উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, “জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আদিবাসী ধাত্রীদের অনন্য অবদানকে সম্মান জানানো।” প্রতিপাদ্যে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, কল্যাণ ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানে এসে শেষ হয়।
এ ছাড়া সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন স্টল স্থাপন করা হয়। পরে সাঁওতাল নারী-পুরুষরা ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাঁওতালসহ আদিবাসী জনগোষ্ঠী এখনো মানবাধিকার ও জীবনমানের দিক থেকে নানা ধরনের বঞ্চনার শিকার। বিশেষ করে সমতলের আদিবাসীরা নানা সংকটের কারণে পিছিয়ে পড়ছে। এর সঙ্গে তাদের সংস্কৃতি ও ভাষাও বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর একটি বড় অংশ ভূমিহীন ও দরিদ্র। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে অনেক ক্ষেত্রে সাঁওতালসহ আদিবাসীদের উচ্ছেদের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। স্বাধীনতার দীর্ঘ সময় পরও তারা ভূমি, মানবাধিকার ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত বলে দাবি করেন বক্তারা।
সমাবেশ থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।
আলোচনা সভায় পল্লবী মুর্মুর সভাপতিত্বে বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শিরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাই সিদ্দিক, আদিবাসী নেত্রী সরলা পালসা তিগ্যা, আদিবাসী নেতা সুশীল টপ্য, তারামনি টপ্য, আবিনা টপ্য ও ফিলিমনা হেমব্রমসহ অনেকে।
ভোরের আকাশ/জেআ