পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব-এর ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার, পিবিআই’র তদন্ত কর্মকর্তার পক্ষপাতদুষ্ট প্রতিবেদন বাতিল এবং সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় পার্বতীপুর প্রেসক্লাব-এর উদ্যোগে প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান এবং সঞ্চালনা করেন প্রেসক্লাব সদস্য আল মামুন মিলন। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আব্দুল জলিল, মামুনুর রশীদ বিপ্লব, হাবিব ইফতেখার, তাজকির হোসেন, জাকারিয়া হোসেন ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করে বলেন, কথিত মিজানুর রহমান মিজান পরিকল্পিতভাবে পার্বতীপুর প্রেসক্লাব-এর ৬ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। তারা দাবি করেন, মামলাটির তদন্তে পিবিআই’র তদন্ত কর্মকর্তা এডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ এবং পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন দাখিল করেছেন, যা সাংবাদিক সমাজ প্রত্যাখ্যান করছে।বক্তারা আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ ও সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতেই এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন চলাকালে উপস্থিত সাংবাদিকরা কথিত মিজানুর রহমান মিজানকে “অবাঞ্ছিত” ঘোষণা করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
মানববন্ধন শেষে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ভোরের আকাশ/ এনউব