খুলনায় র্যাবের জালে আশিক গ্রুপের দুই সন্দিগ্ধ গ্রেফতার

খুলনা মহানগরীর লবণচরা থানার আলোচিত পরিবহন ব্যবসায়ী রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)। র্যাবের দাবি, তারা খুলনার কথিত ‘আশিক গ্রুপ’-এর সক্রিয় সদস্য।
র্যাব-৬ জানায়, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, নিহত রফিক গাজী (৪০) খুলনার লবণচরা এলাকার বাসিন্দা ও পেশায় পরিবহন ব্যবসায়ী ছিলেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে মাথাভাঙা এলাকার রায়পাড়ায় একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ রফিক গাজীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন দুপুর ১টা ৩০ মিনিটে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ইমন শরীফ ও সজল খানকে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ আরও জানিয়েছে, হত্যা মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এনউব