গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

গাইবান্ধা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁধন প্রিন্টিং প্রেসসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের সার্কুলার রোডের (তাজ সিনেমা হল) সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড়ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান এবং রতন সেলুনে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার ফাইটারদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে ওই পাঁচটি প্রতিষ্ঠানের ভেতরের মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, 'খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে দুইটি ইউনিট দেড়ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।'
ভোরের আকাশ/মো.আ.