ফরিদপুরে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শুরু হয়েছে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের জার্সি উন্মোচন করা হয়।
শুক্রবার বিকেলে শহীদ সুফি সমাজকল্যাণ সমিতির আয়োজনে ও করিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন করিম গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াহিদ মিয়া কুটি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মতিউর রহমান শামীম, প্রফেসর ইউসুফ আলী ও ডা. আলী আকবার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সাইফুজ্জামান মুক্তার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়। পরে উদ্বোধনী দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বক্তারা টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করে যুবসমাজকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি অম্বিকা ময়দানে সারা বছর বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আয়োজকরা জানান, ১২টি স্থানীয় দলকে নিয়ে লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২১ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম লিখন, মাহবুবুর রহমান, চৌধুরী জিয়াউল হাসান, মোহাম্মদ সেলিম, অজিত গুপ্ত হরি, আবুল কাশেম ভোলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে স্থানীয় দর্শকদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমীর সমাগম ঘটবে।
ভোরের আকাশ/জেআ