নড়াইলে সার ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের সার ডিলার মো. রাফিউল খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় শেখহাটি ইউনিয়নের আফরা চৌরাস্তায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স লামিয়া ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও সার ডিলার মো. রাফিউল খান। এ সময় শেখহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রাফিউল খান বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় তিনি শেখহাটি ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ভেজালমুক্ত সার পৌঁছে দেওয়াই তাঁর অঙ্গীকার।
তিনি বলেন, ‘আমি নিজে কৃষক পরিবারের সন্তান। কৃষকেরা যাতে কোনো ধরনের সারসংকটে না পড়েন, সে বিষয়ে আমি বদ্ধপরিকর। অবৈধভাবে সার মজুত কিংবা কৃত্রিম সংকট তৈরি করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পরিবর্তে কৃষকদের হাতে সার পৌঁছে দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
রাফিউল খানের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি তাঁর সার ডিলারশিপ নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে শেখহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী বলেন, কোনো ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি ছাড়াই রাফিউল খান সার ডিলারশিপ পেয়েছেন। তিনি ডিলার হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকার কৃষকেরা খুশি।
সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন, শেখহাটি ইউনিয়নে রাফিউল খানকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার কৃষকদের প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁর কাছ থেকে কৃষকেরা হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার কিনতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে স্কুলশিক্ষক মো. মাসুদুল হক ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন রাফিউল খানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তাঁদের প্রত্যাশা, নতুন ডিলারের মাধ্যমে ইউনিয়নের কৃষকেরা কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার কেনার সুযোগ পাবেন।
ভোরের আকাশ/সু.পা