বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় আতঙ্ক

পটুয়াখালীর বাউফলে জনবসতিপূর্ণ এলাকা থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকায় এসব অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়। তবে এগুলো কার, তা এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, পোনাহুরা এলাকায় প্রথমে একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন কয়েকজন। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আশপাশে তল্লাশি চালায়। একপর্যায়ে সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গগুলো কার, কীভাবে সেগুলো ওই স্থানে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় মানুষের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভোরের আকাশ/সু.পা