বরিশালের বানারীপাড়ায় এনএসআইয়ের অভিযানে অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ

বরিশালের বানারীপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ব্যতীত সিলিন্ডার মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা মো. আমান বানারীপাড়ার পশ্চিম মলুহার গ্রামের একটি মাদ্রাসার নিচতলা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলেন। এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারেন, ওই আবাসিক এলাকায় কোনো প্রকার অনুমোদন ছাড়াই ১৮০ থেকে ২০০টি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুত করা হয়েছে।
পরবর্তীতে দুপুর ২টার দিকে গোয়েন্দা সদস্যরা কৌশলে আমানকে তার নিজ এলাকা নাজিরপুর থেকে বানারীপাড়ায় নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীবের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে গ্যাস সিলিন্ডার মজুতের স্বপক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ব্যবসায়ী মো. আমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানায়, আবাসিক এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা পরিশোধ সাপেক্ষে বৈধ লাইসেন্স ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ভোরের আকাশ/নি