সৈয়দপুরে ওভারলে সংস্কার কাজ পরিদর্শন করলেন নীলফামারীর নির্বাহী প্রকৌশলী

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন গুরুত্বপূর্ণ রংপুর দিনাজপুর বাইপাস সড়কের চলমান ওভারলে সংস্কার কাজ সরেজমিন পরিদর্শন করেছেন নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগানসহ চিকলী থেকে রাবেয়া পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকার বাইপাস সড়কের পয়েন্টে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ কাজের মান, ব্যবহৃত সামগ্রীর সঠিক অনুপাত এবং নির্ধারিত প্রাক্কলন (স্টিমেট) অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। এ সময় কাজের মান শতভাগ বজায় রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতায়াত সহজতর করার ওপর গুরুত্বারোপ করে নির্বাহী প্রকৌশলী বলেন, সড়ক নির্মাণ ও সংস্কার কাজে কোনো ধরনের অনিয়ম বা শৈথিল্য বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
পরিদর্শনকালে তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. আলমগীর সহ স্থানীয় প্রকৌশলী ও সওজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব