জীবননগরে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের চাপায় ফারিয়া খাতুন (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক লাটাহাম্বারটি আটক করে ব্যাপক ভাঙচুর করেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জীবননগর থানাধীন মাধবখালী ছোটাংগা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া খাতুন ওই এলাকার খবির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাধবখালী ছোটাংগা পাড়া এলাকায় চলাচলের সময় একটি শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার ফারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী লাটাহাম্বারটি আটক করে ভাঙচুর চালায়।
এদিকে, ফারিয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ভোরের আকাশ/ এনউব