শ্রীপুরে মৎস সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

গাজীপুরের শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, আনোয়ার হোসেন বেপারী এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠান উদ্বোধন করে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি। কিন্তু বর্তমানে মাছের চাহিদা অনেকটাই চাষের ওপর নির্ভরশীল। আমাদের দেশের এমন কোনো নদী খুঁজে পাওয়া যাবে না, যেটি পুরোপুরি দূষণমুক্ত। এর প্রধান কারণ অপরিকল্পিত শিল্পায়ন।’
তিনি বলেন, ‘শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা শুধু নামেই আছে, কাজে নেই। আবার কোথাও থাকলেও তা যথাযথভাবে ব্যবহার করা হয় না। ফলে শিল্পকারখানার দূষিত পানি নদীতে গিয়ে পড়ায় নদীর পানি দূষিত হচ্ছে। এতে মাছের প্রজননক্ষেত্র ও অভয়াশ্রম নষ্ট হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে এবং উৎপাদনও বেড়েছে। এর মাধ্যমে মানুষের মাছের চাহিদা পূরণ হচ্ছে। যারা মাছ চাষের সঙ্গে জড়িত এবং মাছের খাবার তৈরি করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে—মাছের খাদ্য তৈরিতে ক্ষতিকর ভারী ধাতু (হেভি মেটাল) ব্যবহার করা যাবে না। হেভি মেটাল মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
সংসদ সদস্য বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরাপদ মাছ চাষের পাশাপাশি জলাশয়ের পরিবেশও সুরক্ষিত রাখতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের বিষয়েও গুরুত্ব দিতে হবে। পরে তিনি উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
ভোরের আকাশ/সু.পা