চরফ্যাশনে তামিম বেকারিকে জরিমানা

ভোলার চরফ্যাশন পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তামিম বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চরফ্যাশন পৌরসভার উদ্যোগে পরিচালিত বিশেষ ভেজালবিরোধী অভিযানে বেকারিটিতে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্যে মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রং।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারিটির স্বত্বাধিকারী মাকসুদুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চরফ্যাশন পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। এ সময় তিনি আগামী সাত দিনের মধ্যে বেকারির পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মান উন্নয়নের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
রুমানা আফরোজ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই