ফুলগাজীতে পিআইও কার্যালয়ের সাবেক কর্মচারীর বাসা থেকে ত্রাণসামগ্রী উদ্ধার

ফেনীর ফুলগাজীতে পিআইও সাবেক অফিস সহকারীর বাসা থেকে ৩০০ কেজি চালসহ বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ফুলগাজী যুব উন্নয়ন কার্যালয়ের পাশে অবস্থিত ওই বাসার নিচতলায় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীগুলোর মালিক হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল বাকের হোসেনকে চিহ্নিত করেছে প্রশাসন। ৪৫ বছর বয়সী আবদুল বাকের নোয়াখালী সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাসা থেকে ১০ বস্তা ত্রাণসামগ্রী ও তিন বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ২০০ গ্রাম ওজনের ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ১০০ গ্রাম ওজনের ৩২ প্যাকেট মরিচের গুঁড়া এবং ১০০ গ্রাম ওজনের ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়া।
প্রশাসনের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীর প্যাকেটে ‘২০২৪-২৫ অর্থবছর’ লেখা রয়েছে। এসব সামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।
আবদুল বাকের গত বছরের ১০ জুলাই ফুলগাজী উপজেলায় যোগদান করেন। পরে চলতি বছরের ২২ জুলাই তাকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। তবে বদলির পরও তিনি ফুলগাজীর ভাড়া বাসাটি পরিবর্তন করেননি বলে জানা গেছে। এ বিষয়ে আবদুল বাকের হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাজীব আহমেদ জানান, আবদুল বাকের বর্তমানে সন্দ্বীপে কর্মরত। সন্তানদের পড়ালেখার কারণে বদলির পরও তিনি ফুলগাজীর বাসা পরিবর্তন করেননি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, জব্দ করা মালামাল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের কথা জানানো হয়েছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মালামালের প্যাকেটে থাকা লেখা অনুযায়ী, এগুলো ২০২৪-২৫ অর্থবছরের সরকারি ত্রাণসামগ্রী। ওই ব্যক্তি গত মাসে বদলি হয়ে বর্তমানে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কর্মরত রয়েছেন বলে জানতে পেরেছি।
ভোরের আকাশ/সু.পা