গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা, কারাগারে ৭

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় ইতিমধ্যে ০৭ জনকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার করার পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত শনিবার সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
ভোরের আকাশ/ এনউব