কুড়িগ্রামে শিক্ষকদের অনুপস্থিতির প্রতিবাদে আন্দোলনে প্রাথমিকের শিশুরা

বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক না আসা ও ঠিকমতো পাঠদান না হওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চলে অবস্থিত খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সবগুলো শ্রেণিকক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোটা হাতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দলবদ্ধভাবে বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি মারতেও দেখা যায় তাদের।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। ফলে দীর্ঘদিন ধরে ঠিকমতো পাঠদান হচ্ছে না। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠদান নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলনে নেমেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন ও সামছুন্নাহার জানায়, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। সময়মতো ক্লাসও হয় না। তাই শিক্ষকরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসেন, সে দাবিতে তারা আন্দোলন করেছে।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। আজ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে স্থানীয়রা গিয়ে তাদের শান্ত করেন।’
এ বিষয়ে খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব