গাইবান্ধায় ব্র্যাক কর্মীদের জিম্মি করে টাকা ছিনতাই

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে ফেরার পথে ব্র্যাকের দুই কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত।
এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীদের কাছ থেকেও একাধিক মোবাইল ফোন লুট করা হয়। প্রকাশ্য দিবালোকে নদীর মাঝপথে সংঘটিত এ ঘটনায় চরাঞ্চলের বাসিন্দা, ব্যবসায়ী ও এনজিও কর্মীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ফজলুপুর ইউনিয়নের যমুনা নদীর মাঝপথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ব্র্যাকের দুই কর্মী ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চল থেকে গ্রাহকদের সঞ্চয়ের টাকা সংগ্রহ শেষে খেয়া নৌকাযোগে ফুলছড়ি উপজেলা সদরের কার্যালয়ে ফিরছিলেন। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র, যার মধ্যে চাইনিজ কুড়ালও ছিল, প্রদর্শন করে নৌকার গতিরোধ করে।
একপর্যায়ে তারা ব্র্যাক কর্মীদের জিম্মি করে তাদের কাছে থাকা গ্রাহকদের সঞ্চয়ের প্রায় সাত লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের কাছ থেকেও কয়েকটি মোবাইল ফোন লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
দিনের আলোয় চলন্ত নৌকায় এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় চরাঞ্চলে চলাচলকারী যাত্রী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন এনজিওর মাঠকর্মীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা নদীপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, 'ভুক্তভোগীরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। অভিযোগ গ্রহণ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'ঘটনাটি নদীপথে ঘটেছে। তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম শুরু করা হবে।'
ভোরের আকাশ/ র.ই