জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন হোসেনপুরের আনোয়ার পারভেজ

শিক্ষাক্ষেত্রে অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘গুণী শিক্ষক সম্মাননা পদক-২০২৬’ পেয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরের শিক্ষক মো. আনোয়ার পারভেজ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পদক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
জানা গেছে,এ বছর দেশের বিভিন্ন স্তরের ১০২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত ১০ জনের তালিকায় পঞ্চম স্থান অর্জন করেন আনোয়ার পারভেজ। তিনি বর্তমানে কিশোরগঞ্জের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত।
তিনি হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের বাসিন্দা। আনোয়ার পারভেজ হোসেনপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হোসেনপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৫তম বিসিএস (নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে সরকারি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
অনুভূতি প্রকাশ করে আনোয়ার পারভেজ বলেন, “এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমার পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আজীবন কাজ করে যেতে চাই।”
ভোরের আকাশ/ইউএম