অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি মানববন্ধন

বিশ্ব নদী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ধরলা নদীর তীরে মানববন্ধন করে নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী দখল ও দূষণ রোধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ সুরক্ষার দাবি জানিয়েছেন নদীকর্মীরা। একই সঙ্গে আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য অধিকার ও স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ধরলা সেতু-সংলগ্ন ধরলা নদীর তীরে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির কর্মী ও সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং আন্তর্জাতিক নদীর ন্যায্য অধিকার ও স্বীকৃতির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে গ্রিন ইকো ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মো. তমাল হোসেন বলেন, নদীর সঙ্গে মানুষের জীবন ও জীবিকার নিবিড় সম্পর্ক রয়েছে। নদী দখল, দুষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ও গ্রিন লিডার আজিজুল ইসলাম বলেন, নদী রক্ষায় সরকার, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু নীতিমালা ও উদ্যোগ গ্রহণ করলেই হবে না, সেগুলোর বাস্তবায়নে সবার আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।
গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, নদী সুরক্ষায় সরকারের আন্তরিক ও কার্যকর ভূমিকা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার প্রতি সরকারের একটি ইতিবাচক মনোভাব লক্ষ করা যাচ্ছে। এই মনোভাব যেন বাস্তব উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নে রূপ নেয়, সেটিই প্রত্যাশা।
মানববন্ধনে গ্রিন ইকো ফাউন্ডেশনের কুড়িগ্রাম কলেজ শাখার সদস্য জাফর আলী, হাবিব ওয়াহিদ, মাসুদ, সৌরভ, ইমরানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র