চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর বোর্ডে মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন।
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন। গত বছর পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।
গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ। মানবিক বিভাগে পাস করেছে ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
এদিকে অঞ্চলভিত্তিক ফলাফলেও গত বছরের তুলনায় পাসের হার কমেছে। চট্টগ্রাম মহানগরে এবার পাসের হার ৭৪ শতাংশ, গত বছর যা ছিল ৮১ দশমিক ০৩ শতাংশ। চট্টগ্রাম জেলায় এ বছর পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ; গত বছর ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ।
কক্সবাজারে এবার পাসের হার ৫৭ দশমিক ৩০ শতাংশ, গত বছর ছিল ৭০ দশমিক ৭৬ শতাংশ। রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ১৭ শতাংশ, যেখানে গত বছর ছিল ৫৬ দশমিক ৫৫ শতাংশ। খাগড়াছড়িতে এ বছর পাস করেছে ৩৪ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী, গত বছর এই হার ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। আর বান্দরবানে পাসের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ, গত বছর ছিল ৬৩ দশমিক ১২ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে বিপরীত চিত্রও রয়েছে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সার্বিকভাবে, গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার, মোট উত্তীর্ণ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন ক্ষেত্রেই পতন দেখা গেছে।
ভোরের আকাশ/সু.পা