ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আ.ফ.ম. আতিকুজ্জামান মহিত তালুকদার

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের অনুমোদনক্রমে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে আ.ফ.ম. আতিকুজ্জামান মহিত তালুকদার মনোনীত হয়েছেন। শিক্ষা বোর্ডের জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, ১৬ জুলাই ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ছয় মাস মেয়াদি এডহক কমিটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
আ.ফ.ম. আতিকুজ্জামান মহিত তালুকদার এমন একটি পরিবারের সন্তান, যারা দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর পিতা ফজলুল হক তালুকদার বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। ১৯৪৯ সালে এলাকার শিক্ষার প্রসারে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তালুকদার পরিবারের একাধিক সদস্য বিভিন্ন সময়ে সভাপতি, পরিচালনা কমিটির সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় অবদান রেখেছেন।
স্থানীয়দের মতে, বিদ্যালয়টির ইতিহাসের সঙ্গে তালুকদার পরিবারের অবদান ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পরিবারটির ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আ.ফ.ম. আতিকুজ্জামান তালুকদার বলেন, "প্রতিষ্ঠাতার আদর্শকে ধারণ করে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কাজ করে যাব।"
এদিকে, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাঁর নির্বাচনে সন্তোষ প্রকাশ করে আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি অতীতের গৌরব ধরে রেখে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
ভোরের আকাশ/ইউএম