জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

জামালপুরের ইসলামপুরে যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক হেয় করতে একটি মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪নং চর এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, দক্ষিণ চর পুটিমারী, ইউনিয়ন বিএনপির আহবায়ক রজমান আলী মেম্বার, যুবদলের যুগ্ম আহবায়ক রাজু মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মন্জুয়ারার আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে যুবদল নেতা মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ সময় তারা মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।
এলকাবাসী মানববন্ধন শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।
ভোরের আকাশ/আ.র