মধু মাসের আগেই
মাগুরার বাজারে অপরিপক্ক লিচুর ছড়াছড়ি

মধু মাস শুরু হওয়ার আগেই মাগুরার বিভিন্ন বাজারে অপরিপক্ক লিচু বিক্রি বেড়েছে। আকারে ছোট, স্বাদে টক এবং অপরিপক্ক অবস্থায় বাজারজাত হওয়া এসব লিচু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিক ও কৃষি সংশ্লিষ্টরা।
শহরের পুরাতন বাজার, নতুন বাজার, জামরুলতলা, ঢাকা রোড, ভায়না মোড় ও কলেজ এলাকার সড়কের পাশে বিভিন্ন স্থানে অপরিপক্ক লিচু বিক্রি করতে দেখা গেছে।
বিক্রেতাদের দাবি, আগাম জাতের লিচু বাগান থেকে কিনে এনে তারা বিক্রি করছেন। অনেক বাগান মালিক ঝড়-বৃষ্টিতে ফল নষ্ট হওয়ার আশঙ্কায় আগেভাগেই লিচু বিক্রি করে দিচ্ছেন বলেও জানান তারা।
লিচু কিনতে আসা গৃহিণী নাজমুনাহার রত্না বলেন, তার সন্তানরা লিচু পছন্দ করায় বাজারে কিনতে এসেছিলেন। তবে বাজারে থাকা অধিকাংশ লিচুই এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি। স্বাদে টক হলেও তুলনামূলক কম দামে পাওয়া যাওয়ায় তিনি কিছু লিচু কিনেছেন।
শিক্ষক শাহ আলম বলেন, জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার আগেই বাজারে ছোট ছোট অপরিপক্ক লিচু বিক্রি হতে দেখা যাচ্ছে, যা অস্বাভাবিক। তিনি জানান, অপরিপক্ক লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে যেসব লিচু বিক্রি হচ্ছে তার বেশিরভাগই এখনো পুরোপুরি পরিপক্ক নয়। ভালো মানের লিচু বাজারে আসতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগবে।
অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী আগাম অপরিপক্ক লিচু সংগ্রহ করে বাজারজাত করছেন। এসব লিচু স্বাদে কম মিষ্টি এবং অতিরিক্ত খেলে স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও থাকতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
লিচু বাগান মালিক আকামত হোসেন বলেন, একটি গাছের সব লিচু একসঙ্গে পাকে না। কিছু পাকা থাকলেও অনেক ফল কাঁচা থাকে।
এছাড়া বাদুড় ও পাখির আক্রমণ এবং সম্ভাব্য ঝড়-বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কায় অনেক বাগান মালিক আগেভাগেই লিচু বিক্রি করে দেন।
ভোরের আকাশ/ র.ই