জনগণ মুক্ত চিন্তায় ভোট দিতে চায়: মাওলানা মমতাজ উদ্দিন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদে সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, জনগণ মুক্ত চিন্তায় ভোট দিতে চায়। পি.আর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু ভোট দানের ব্যবস্থা করতে হবে। ভোটের জন্য বৈষম্যহীন লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। ক্ষমতায় গেলে আমরা দল-মত, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে 'নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে। এই পরিবেশে জনগণ তাঁর ভোট দিতে পারবে।
জুলাই সনদের ভিত্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান করতে হবে। সেই সাথে জুলাইয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সাঘাটা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাইবান্ধা জেলা আমীর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি- সাঘাটা) আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালক মাওলানা জহুরুল হক সরকার প্রমুখ।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও গাইবান্ধা পৌর মেয়র পদপ্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা ওলামা সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, জেলা পেশাজীবি বিভাগের সভাপতি খায়রুল আমীনসহ উপজেলার নেতাকর্মীরা।
ভোরের আকাশ/জাআ