নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পর এক বিবৃতিতে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব মূলত অলংকারিক হলেও রাষ্ট্রপতিকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও সব শ্রেণি-পেশার মানুষের আস্থার প্রতীক। তাই নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানানো হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, রাজনীতিতে সততা দিন দিন বিরল হয়ে উঠছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক।
তিনি বলেন, সুষ্ঠু রাজনীতির বিকাশে মির্জা ফখরুলের ভূমিকা সর্বজনবিদিত। এমন একজন রাজনীতিক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়।
পীর সাহেব চরমোনাই আশা প্রকাশ করেন, যে প্রত্যাশা ও আশাবাদ নিয়ে মির্জা ফখরুল বঙ্গভবনে যাচ্ছেন, তা বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।
ভোরের আকাশ/জেআ